BAC-এর বিশেষ প্রশিক্ষণ কোর্সে আইআইইউসি'র অংশগ্রহণ
BAC-এর বিশেষ প্রশিক্ষণ কোর্সে আইআইইউসি প্রতিনিধিদের অংশগ্রহণ
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এ ১২ দিনব্যাপী Comprehensive Training for University Faculties শীর্ষক প্রশিক্ষণ কোর্স ৩১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে শুরু হয়। দেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং Higher Education Acceleration and Transformation Project (HEAT)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এই প্রথমবারের মতো ঢাকার বাইরে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণকে অংশীজনের নিকট নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে আঞ্চলিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদেরকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা সম্পর্কে আরও দক্ষ ও সচেতন করে তুলবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন শিক্ষকদের মাঝে মান নিশ্চিতকরণ ও গুণগত শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি যারা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ঢাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ একাডেমিক অডিটর ও রিসোর্স পারসন তৈরির পথ সুগম হবে, শিক্ষকগণের মধ্যে একটি কোয়ালিটি মাইন্ড তৈরি করবে এবং বিএসি’র কার্যক্রমে গতি সঞ্চারিত হবে। - চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম অঞ্চলের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্স পরিচালক এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কিউ এন্ড এনকিউএফ বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কিউ এন্ড এনকিউএফ বিভাগের উপপরিচালক জনাব প্রবীর কুমার চক্রবর্ত্তী। - উক্ত প্রশিক্ষণ কোর্সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান এবং অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মনজুর আলম। - বক্তাগণ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।